| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জি-৭ সম্মেলনে পুতিনকে বৈঠকের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তিনি প্রস্তুত নন: জেলেনস্কি

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৭:৩০:১৪:অপরাহ্ন  |  ১৩২০ বার পঠিত
জি-৭ সম্মেলনে পুতিনকে বৈঠকের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তিনি প্রস্তুত নন: জেলেনস্কি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তিনি চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। তবে রুশ নেতা আলোচনায় বসতে প্রস্তুত নন।

সোমবার রাশিয়ার রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের ঐতিহাসিক এক মঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি এ কথা বলেন। তিনি জানান, সোমবার ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে শুরু হওয়া জি-৭ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে যুক্তরাষ্ট্রও সম্মত হয়েছিল।

ইংরেজিতে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা বার্তা দিয়েছিলাম যে জি-৭ সম্মেলনের সময় পুতিনের সঙ্গে দেখা করতে আমরা প্রস্তুত। কারণ সেখানে ট্রাম্প থাকবেন, ম্যাক্রোঁ থাকবেন অর্থাৎ ইউরোপ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে থাকবে। আমার মনে হয়, সবাইকে নিয়ে বৈঠকের জন্য এটি খুবই ভালো একটি সুযোগ।

তিনি আরও বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র এতে সম্মত ছিল। কিন্তু রাশিয়া আবারও দেখিয়েছে যে তারা আলোচনায় বসতে প্রস্তুত নয়।

ইউক্রেনের এক কর্মকর্তা জানান, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকেও জি-৭ সম্মেলনে সম্ভাব্য আলোচনার প্রস্তাবের কথা জানিয়েছিলেন। একই সঙ্গে রুশ কর্মকর্তাদের কাছেও সরাসরি আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তবে এ বিষয়ে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।

চলতি মাসে পুতিনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি সরাসরি মুখোমুখি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, যুদ্ধ রাশিয়ার অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

জবাবে পুতিন প্রকাশ্যে বলেন, বৈঠকের কোনো প্রয়োজন তিনি দেখছেন না এবং ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা রাশিয়ার অর্থনীতির জন্য কোনো হুমকি নয়।

সোমবার কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ১০ জন নিহত হন।

জেলেনস্কি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের হামলা চালিয়ে পুতিন “নির্লজ্জ ও কপট” আচরণ করেছেন।

তিনি বলেন, জি-৭ সম্মেলনে তার প্রধান অগ্রাধিকার হবে রুশ হামলা মোকাবিলায় আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

জেলেনস্কি বলেন, “ইউরোপীয় নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হবে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও আলোচনা হবে। আমরা তার সঙ্গে কথা বলব, কীভাবে পুতিনকে এই যুদ্ধ বন্ধে চাপ দেওয়া যায় সে বিষয়ে।”রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪