| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১১:৩১:৫৯:পূর্বাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামী বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ জুন মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া সফরের শেষ পর্যায়ে তিনি শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে চলছে জোর প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার মহাসড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। জেলা সার্কিট হাউস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। একই সঙ্গে জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক ব্যবহার করবেন, সেসব পথের আশপাশ পরিষ্কার করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার কাজও চলছে।

এদিকে সমাবেশস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার ও মঞ্চ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপিও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সফরকে ঘিরে প্রস্তুতি ও প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “প্রধানমন্ত্রীর মৌলভীবাজার আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।”

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় মহলেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনকে জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪