স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে জেনি খান (২৪) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটি দুদিন ধরে বন্ধ ছিল এবং ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি বাড়ির মালিক পুলিশকে জানান।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে বিছানার ওপর জেনি খানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানান তিনি।
পুলিশ আরও জানায়, চলতি বছরের এপ্রিল মাসে মুন্না নামে এক যুবকের সঙ্গে ওই ফ্ল্যাটে ওঠেন জেনি। তখন তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। গত রোববার মুন্না বাসা থেকে বের হওয়ার পর তাকে আর দেখা যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গত ২ জুন মিরপুর-৬ এলাকার একটি বাড়ি থেকে ৫৫ বছর বয়সী সেলিনা আফরোজ নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায়ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিনি একাই বসবাস করতেন বলে জানা গেছে। কয়েকদিন কোনো সাড়া না পেয়ে স্বজনরা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি