স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের এক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, তার পরিবারে মুক্তিযোদ্ধার বড় ইতিহাস রয়েছে। তিনি বলেন, তার বাবা ও দাদা যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের সাত ভাইয়ের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা ছিলেন। দাদার পরিবারের ১৯ জনের মধ্যে ১১ জন মুক্তিযোদ্ধা ছিলেন বলেও দাবি করেন তিনি। এছাড়া তার মা-ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন বলে উল্লেখ করেন।
তার এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম তারিখ ১৯৮১ সালের ১০ জানুয়ারি। এই তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার বাবার শহীদ হওয়ার দাবির সঙ্গে সময়গত অসংগতির বিষয়টি সামনে আসে, যা নিয়ে আলোচনা ও বিতর্ক আরও জোরালো হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিষয়টি তার জানা নেই এবং এ নিয়ে সংশ্লিষ্ট এমপির সঙ্গে কথা বলে পরে জানানো হবে।
অন্যদিকে, আব্দুল মুনতাকিমের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।