| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আমিরাতে

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ০১:৫৯:২৭:পূর্বাহ্ন  |  ৮২৮ বার পঠিত
১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির প্রশাসন। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ ও যৌন হয়রানির ঝুঁকি থেকে তাদের সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট পরিচালনা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় (ডিসেবল) করা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রশাসনের ভাষ্য, অনেক ক্ষেত্রে বয়স বাড়িয়ে বা ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রবণতা দেখা যায়। এ ধরনের প্রতারণা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টভিত্তিক যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে। এর মাধ্যমে প্রকৃত বয়স গোপন করে অ্যাকাউন্ট পরিচালনার চেষ্টা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে দাবি করা হয়েছে।

নতুন নির্দেশনায় শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশুদের ছবি বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিধান সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী নাগরিক ও প্রবাসী—উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কঠোর আইন কার্যকর রয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশে শিশুদের ছবি বা ব্যক্তিগত তথ্য অনিরাপদভাবে প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডের বিধানও রয়েছে।

নতুন এই পদক্ষেপের ফলে ভার্চুয়াল জগতে শিশুদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং অনলাইনে তাদের প্রতি বিভিন্ন ধরনের ঝুঁকি ও অপব্যবহার কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪