রংপুর প্রতিনিধি: ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরে ছুটে এসেছিলেন এক চীনা নাগরিক। কিন্তু বাংলাদেশে পৌঁছানোর পর প্রেমিকার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাকে খুঁজে না পেয়ে বিপাকে পড়েন তিনি। পরে প্রেমিকার সন্ধানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে এসে উপস্থিত হন ওই বিদেশি নাগরিক।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরেই তিনি রংপুরে এসেছেন।
ওই চীনা নাগরিক জানান, রংপুরের সামিয়া নামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তার সঙ্গে দেখা করতেই তিনি বাংলাদেশে এসেছেন। তবে রংপুরে পৌঁছানোর পর থেকে ওই তরুণীর ফোন বন্ধ থাকায় কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বনমালী জানান, প্রেমের টানে ওই চীনা নাগরিক রংপুরে এসেছেন। তবে সংশ্লিষ্ট তরুণীর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি ঠিকানার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মেয়েটির বাড়ি নগরীর মাহিগঞ্জ এলাকায়। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর ওই চীনা নাগরিককে ঢাকাগামী বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি