স্টাফ রিপোর্টার: পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধন করে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের (অংশীজন) মতামতের ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে প্রশ্ন রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।
জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিগত বছরগুলোয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ভাতার তালিকা পুনর্যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, মানুষের গড় আয়ু বৃদ্ধির ফলে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬১ লাখ প্রবীণ মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন, যার জন্য বরাদ্দ রয়েছে ৪ হাজার ৭৯১ কোটি ৩১ লাখ টাকা।
তিনি আরও জানান, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ করা এবং মাসিক ভাতা ৭০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ৫ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন জানান, আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী-নিগৃহীত নারীকে মাসে ৭০০ টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ জন্য ২ হাজার ৫৩৫ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। চলতি অর্থবছরে ২৯ লাখ উপকারভোগী মাসে ৬৫০ টাকা করে ভাতা পাচ্ছেন।
তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে ৩৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এ খাতে ৪ হাজার ৫৮৭ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।
স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় পাইলট প্রকল্পের আওতায় তিন ধাপে ৫৬টি ইউনিটে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। ফলে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়বে।
রিপোর্টার্স২৪/ধ্রুব