| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১১:১৬:২৮:পূর্বাহ্ন  |  ১৩৮ বার পঠিত
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের অনুভূতি। ভোরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে বিভিন্ন এলাকা। রাতভর বয়ে চলা হিমেল বাতাস আর সকালে ঠান্ডার তীব্রতায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশি শীত অনুভূত হচ্ছে। এদিকে টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালেও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা গেছে। ভোরে হালকা কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি ছিল বেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে এবং রোদের তাপ বাড়ছে। তারপরও হিমেল বাতাসের কারণে শীতের আমেজ পুরোপুরি কাটছে না। ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও সাধারণ পথচারীদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে শীতের প্রবণতা বাড়ছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার (২৭ নভেম্বর) তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় শীতের তীব্রতা তুলনামূলক কম অনুভূত হয়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে শুরু করে। রাত গভীর হলে এবং ভোরের দিকে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হয়। সকালে কুয়াশার পরিমাণ খুব বেশি না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় শীতের প্রভাব পড়ছে।

তারা আরও জানান, বিশেষ করে ভোরে কাজে বের হওয়া মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষকে ঠান্ডা আবহাওয়ার মধ্যেই জীবিকার তাগিদে বাইরে থাকতে হচ্ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও সন্ধ্যার পর আবারও শীতের তীব্রতা বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া পরিস্থিতির এমন পরিবর্তনে পঞ্চগড়সহ উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা আরও কমলে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪