রিপোর্টার্স২৪ ডেস্ক: যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকসহ সাধারণ মানুষের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে। একই সঙ্গে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা জাতীয় অগ্রাধিকার হিসেবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতি সম্মান রেখে জনগণের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব।
‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরে তিনি বলেন, একই সঙ্গে সবার জন্য বাংলাদেশ এই দর্শনের ভিত্তিতে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই বাজেটের লক্ষ্য হলো অর্থনীতিকে মুষ্টিমেয় গোষ্ঠীর প্রভাব থেকে বের করে এনে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।
তিনি বলেন, এবারের বাজেটে দরিদ্র, নিম্নআয় ও ঝুঁকিগ্রস্ত মানুষের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করা হয়েছে। পাশাপাশি অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অতীতের অনিয়ম দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদেশ সফরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে অর্থনীতি ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমও এ দিকটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।
তিনি আরও বলেন, বাজেটের তৃতীয় লক্ষ্য হলো বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা সচল ও বেগবান করা।
এদিকে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ বিধিতে এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের আসনগুলোতে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। পরে বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাবে জানানো হয়, জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকাতেও ভবিষ্যতে বরাদ্দ দেওয়া হবে।
এর আগে বাজেট আলোচনায় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশ নেন।
রিপোর্টার্স২৪/ঝুম