ইন্টারন্যাশনাল ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শুক্রবার (৩ জুলাই) সকালে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।
এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এ ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।
রিপোর্টার্স২৪/ঝুম