বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ওপেনএআই নতুন এআই মডেল জিপিটি-৫.৬ উন্মোচন করেছে। বৃহস্পতিবার উন্মোচন করা নতুন মডেলটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
তিনটি সংস্করণের মধ্যে– সোল (Sol) মূল কর্মক্ষম মডেল হিসেবে পরিচিত, টেরা (Terra) একটি মাঝারি মানের বিকল্প এবং লুনা (Luna) সাশ্রয়ী মূল্যের একটি সংস্করণ। এই মডেলগুলো ব্যবহারকারীদের কাজের পরিধি বাড়াবে।
কোম্পানিটি এন্টারপ্রাইজ কাজ, কোডিং এমনকি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এই মডেলগুলোর শক্তিশালী সক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছে। ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের নতুন মডেলগুলো আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি দক্ষ ও সাশ্রয়ী।
তিনি সম্প্রতি সিএনবিসিকে জানিয়েছেন, এআই কোডিংয়ের কাজগুলোতে সোল (Sol) সংস্করণটি আগের চেয়ে ৫৪ শতাংশ বেশি টোকেন সাশ্রয়ী।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কোম্পানিটি ৫.৬ মডেলকে তাদের ‘এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তা মডেল’ হিসেবে অভিহিত করেছে। এটি উল্লেখযোগ্যভাবে কম টোকেন ব্যবহার করেই দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম।
এই মডেলের সাইবার সক্ষমতা নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ ট্রাম্প প্রশাসন আগে এটি উন্মুক্ত করার ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করেছিল। মূলত এই মডেলের অপব্যবহার হওয়ার আশঙ্কা থেকেই এমনটি করা হয়েছিল। জিপিটি-৫.৬ সাইবার নিরাপত্তার জন্য বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা রেখেছে; যেমন– থ্রেট মডেলিং, কোড রিভিউ ও প্যাচিং এবং ব্লু টিমিনিং (প্রকৃত হ্যাকারদের আগেই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে নিজস্ব সিস্টেমে কৃত্রিম আক্রমণ চালিয়ে তা যাচাই করা)।
ওপেনএআই ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ নামে একটি নতুন টুলও চালু করেছে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি মূলত এন্টারপ্রাইজ টিমের জন্য একটি কর্মক্ষেত্র সহযোগী হিসেবে ডিজাইন করা হয়েছে। ডেস্কটপ, ওয়েব ও মোবাইলে চলতে সক্ষম এই টুলটি অফিসের দৈনন্দিন কাজ, যেমন– নথিপত্র তৈরি, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরিতে সহায়তা করবে।
ওপেনএআইর এই নতুন মডেলগুলো এই সপ্তাহে প্রতিযোগী কোম্পানি স্পেসএক্সএআই (SpaceXAI) এবং মেটার সমজাতীয় রিলিজের পরপরই উন্মুক্ত হলো।
তবে জিপিটি-৫.৬ এবং এর বিপণন কৌশল দেখে মনে হচ্ছে, এটি মূলত ওপেনএআইর প্রধান প্রতিপক্ষ অ্যানথ্রপিককে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। অ্যানথ্রপিক এআই দৌড়ে নিজেকে একটি জনপ্রিয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যারা মূলত এন্টারপ্রাইজ গ্রাহকদের ওপর মনোযোগ দিচ্ছে এবং ফলস্বরূপ প্রচুর আস্থা অর্জন করছে।
এদিকে ওপেনএআই সোলকে তাদের ‘সেরা কোডিং মডেল’ হিসেবে অভিহিত করেছে। তারা এটিকে অ্যানথ্রপিকের সদ্য প্রকাশিত এবং বহু আলোচিত ফেবল (Fable)-এর সঙ্গে সরাসরি তুলনা করেছে। কোডিং এজেন্ট ইনডেক্স ব্যবহার করে ওপেনএআই দাবি করেছে, সোল মডেলটি ৮০ পয়েন্ট স্কোর করে নতুন রেকর্ড গড়েছে, যা ফেবল ৫-এর চেয়ে ২.৮ পয়েন্ট বেশি। সেইসঙ্গে এটি ফেবল ৫-এর তুলনায় অর্ধেক আউটপুট টোকেন ব্যবহার করে, অর্ধেক সময়ে কাজ সম্পন্ন করে এবং খরচও প্রায় এক-তৃতীয়াংশ কম হয়।
কোম্পানিটি জানিয়েছে, এই সুবিধা পুরো ব্যবস্থায় বিদ্যমান। টেরা মডেলটি ফেবল ৫-এর চেয়ে কিছুটা ভালো পারফর্ম করে, অন্যদিকে লুনা মডেলটি ওপাস ৪.৮-কেও পেছনে ফেলে দিয়েছে।
ওপেনএআই জানিয়েছে, ৫.৬ মডেলটি এখন চ্যাটজিপিটি, কোডেক্স ও ওপেনএআই এপিআইতে পাওয়া যাচ্ছে। প্রতি ১০ লাখ টোকেনের মূল্য নির্ধারণ করা হয়েছে– সোল ইনপুট ৫ ডলার/আউটপুট ৩০ ডলার, টেরা ইনপুট ২.৫০ ডলার/আউটপুট ১৫ ডলার এবং লুনা ইনপুট ১ ডলার/আউটপুট ৬ ডলার। সূত্র: টেক ক্রাঞ্চ
রিপোর্টার্স২৪/ধ্রুব