| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিটিএ সিক্সে বাজছে ১৯৮২ সালের বাংলা গান ‘আজ শনিবার’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১৯:৪২:৪৪:অপরাহ্ন  |  ৩৮১৪ বার পঠিত
জিটিএ সিক্সে বাজছে ১৯৮২ সালের বাংলা গান ‘আজ শনিবার’

রিপোর্টার্স ডেস্ক: সংগীতের কোনো ভৌগোলিক সীমানা নেই, সময়ের বাধাও মানে না। এরই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে বাঙালি সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গান। ১৯৮২ সালে প্রকাশিত তার বাংলা ডিস্কো গান ‘আজ শনিবার’ দীর্ঘ ৪৪ বছর পর জায়গা করে নিয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স)-এ।

এই যাত্রার শুরু ১৯৮১ সালে। কানাডার ক্যালগেরিতে ভাইয়ের বাড়িতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন রূপা বিশ্বাস। সেখানে এক ঘরোয়া আয়োজনে তার গান শুনে মুগ্ধ হন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ আশিস খান। মূলত শাস্ত্রীয় সংগীত ও গজলের তালিম নেওয়া রূপার কণ্ঠে তিনি ভিন্নধর্মী সংগীতের সম্ভাবনা দেখতে পান। তার অনুপ্রেরণাতেই ডিস্কো সংগীতে পা রাখেন রূপা।

বাংলার চিরায়ত সুরের সঙ্গে সরোদ, তবলা, গিটার ও আধুনিক সিন্থেসাইজারের মেলবন্ধনে তৈরি হয় অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’। ১৯৮২ সালের অক্টোবরে অ্যালবামটি প্রকাশিত হলেও সে সময় বাণিজ্যিকভাবে খুব একটা সাফল্য পায়নি। প্রত্যাশিত সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়েন রূপা। নিজের অ্যালবামের একটি ক্যাসেট স্মৃতি হিসেবে রেখে ধীরে ধীরে সংগীতজগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

তবে বহু বছর পর বদলে যায় গল্পের গতিপথ। রূপার ছেলে দেবায়ন নতুন করে মায়ের সেই পুরোনো অ্যালবামটি খুঁজে বের করেন। ইন্টারনেটের কল্যাণে ‘ডিস্কো জ্যাজ’ ধীরে ধীরে বিশ্বের সংগীতপ্রেমী ও পুরোনো রেকর্ড সংগ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে অ্যালবামটি পুনরায় প্রকাশ করা হয়।

দীর্ঘ অপেক্ষার পর গত ১৯ নভেম্বর প্লে-স্টেশনে বিশ্বব্যাপী মুক্তি পাওয়া জিটিএ সিক্সের ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে শোনা যাচ্ছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ গানটি। চার দশক আগে যে গানটি প্রত্যাশিত সাড়া পায়নি, সেটিই এখন বিশ্বজুড়ে গেমারদের কাছে বাংলা সংগীতকে নতুন করে পরিচিত করার সুযোগ তৈরি করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪