নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী ভাদরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মো. আব্দুল্লাহ (২০), পিতা মো. মোখলেস, তার স্ত্রী মোছা. বুলবুলিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, নিহত বুলবুলি গর্ভবতী ছিলেন। এছাড়া স্বামী আব্দুল্লাহ মাঝেমধ্যে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলেও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, মৃত্যুর বিস্তারিত পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় তদন্ত শেষে জানা যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব