নরসিংদী প্রতিনিধি: জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব জনগণের কল্যাণ করা, লুটপাট করা নয়—এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। একই সাথে দলের নেতাকর্মী কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, “যারা জনগণের অর্থ লুটপাট করেছে, জনগণ ইতিমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে এবং তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, তাই তাদের সেবা ও কল্যাণে কাজ করতে আমরা দায়বদ্ধ। জনগণের জন্য বরাদ্দের একটি টাকাও কেউ দুর্নীতি করতে পারবে না, আর বিএনপি যা বলে তা-ই পালন করে।”
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান, নরসিংদী সদর নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ২১ জন ক্ষতিগ্রস্ত উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া ১৫০ জন অসহায় নাগরিকের হাতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অর্থ তুলে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব