মেহেরপুর প্রতিনিধি: পরিবারের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন মেহেরপুর শহরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা হেলাল শেখ ও তার ছেলে দীপ। সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তারা। স্থানীয়দের সহায়তায় ও উদ্ধারকারীদের তাৎক্ষণিক তৎপরতায় ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা হেলাল শেখ এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে, মডার্ন হ্যাচারির সম্মুখবর্তী সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গোসলে নামার কিছুক্ষণ পরই বাবা-ছেলে তীব্র স্রোতের পেটে তলিয়ে যেতে থাকেন। চিৎকার শুনে আশপাশে থাকা বিচকর্মী ও উদ্ধারকারীরা দ্রুত ব্যবস্থা নেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, "উদ্ধারকারী দলের সর্বাত্মক তৎপরতায় ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ হেলাল শেখের অনুসন্ধানে জেলা প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।"
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল সমন্বিত অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হলেও নিখোঁজ হেলাল শেখের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
এদিকে, এই মর্মান্তিক খবরের পর মেহেরপুরে নিখোঁজ হেলাল শেখের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এখন প্রিয়জনের অলৌকিক ফেরা বা দ্রুত সন্ধানের অপেক্ষায় প্রহর গুণছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব