খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
শনিবার (২৫ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে—২৪ জন। এছাড়া খুলনা জেলায় ১৫ জন এবং বাগেরহাটে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগের অন্যান্য জেলায় এ সময়ে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি। এসব জেলার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৭৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫০৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত আটজনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন এবং বাগেরহাট জেলায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বাড়ায় ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ পানি জমতে পারে এমন স্থান পরিষ্কার রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।