কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক রেলওয়ে স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শফিউল আলম সুমন (৪০) ও তাঁর বাবা আব্দুর রহিম (৬৫)। আহত শফিউল আলম সুমনের দাবি, অসুস্থ মাকে নিয়ে তাঁরা কোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন। এ সময় ট্রেনের এক স্টাফ তাঁদের বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই স্টাফ তাঁকে ও তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন।
সুমনের অভিযোগ, ঘটনার পর ট্রেনের লোকোমাস্টার ও পরিচালক ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয় জনতা ও যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন। এতে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন, ঘটনায় কারা জড়িত, তদন্তের আগে তা বলা সম্ভব নয়।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।