| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোমা সন্দেহে মহাসড়কে আতঙ্ক, ব্যাগে মিলল কাপড়

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৬ ইং | ১৪:৩৯:২৪:অপরাহ্ন  |  ২৫২৭ বার পঠিত
বোমা সন্দেহে মহাসড়কে আতঙ্ক, ব্যাগে মিলল কাপড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে শনিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সন্দেহে পুলিশ, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়।

প্রায় দুই ঘণ্টার উৎকণ্ঠার পর ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নয়; বরং ছিল ছেঁড়া-পুরোনো কাপড়। পাশাপাশি একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ডাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

পুলিশ ও ফিলিং স্টেশন সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনে এক নারী একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকায় কর্মচারীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

সতর্কতার অংশ হিসেবে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। দিবাগত রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বিস্ফোরক নেই। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে এতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তাঁর স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪