ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ভুল্লী থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ভুল্লী থানার মুজাবর্ণী ডাংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকার ১৯০ শতক জমিতে চাষাবাদ করে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখলের উদ্দেশ্যে রোপা আমন ধান রোপণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ সময় জমিতে ধান রোপণে বাধা দিলে অভিযুক্তরা হামলা চালান। একপর্যায়ে বাদীর ছোট ভাই আলমগীরের মাথায় ধারালো ছোরা দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে। তাঁকে রক্ষা করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের কাদাপানিতে ফেলে মারধর ও শ্লীলতাহানি করেন। এ সময় কোদালের আঘাতে সাথী নামে এক গৃহবধূর ডান পায়ের হাড় ভেঙে যায়। হাবু নামে আরেক ব্যক্তির মাথায় লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করা হলে তাঁকে চারটি সেলাই দিতে হয়।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময়ও হামলাকারীরা বাধা ও ভয়ভীতি দেখান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত মো. নুর ইসলাম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ভুল্লী থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।