| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০৯:৩২:০৬:পূর্বাহ্ন  |  ১০৭৫ বার পঠিত
মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীকে জামিনঅযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবিও জানিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় চিকিৎসা শিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)–সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে আয়োজিত ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন শ্রীলেখা মিত্র। বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের অভিযোগ, ওই কর্মসূচিতে অভিনেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেন।

এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে কলকাতার আনন্দপুর থানা ও বিধাননগর সাইবার থানাসহ একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় শান্তিশৃঙ্খলা বিনষ্টে উসকানি ও ইচ্ছাকৃত মানহানির অভিযোগ আনা হয়েছে। বিজেপি নেতাদের দাবি, দ্রুত অভিনেত্রীকে গ্রেপ্তার করা না হলে আরও বড় আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শ্রীলেখা মিত্র। তার দাবি, আন্দোলন চলাকালে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় চোখে রোদচশমা থাকায় এবং তাড়াহুড়ো করে ছোট আকারের একটি পোস্টার হাতে নেওয়ায় তাতে নরেন্দ্র মোদির বিকৃত ছবি ছিল কি না, তা তিনি খেয়াল করতে পারেননি।

শ্রীলেখা বলেন, কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য তার ছিল না। সরকারের রাজনৈতিক সমালোচনা করা আর দেশদ্রোহিতা এক বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় গ্রেপ্তারের ভয় পান না বলেও জানান অভিনেত্রী।

এদিকে, অভিযোগের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ অভিযোগগুলো তদন্ত করে দেখছে এবং ঘটনার সঙ্গে শ্রীলেখার সম্পৃক্ততা ও পোস্টার প্রদর্শনের বিষয়টি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪