| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১০:৪৩:১৪:পূর্বাহ্ন  |  ৯৪৩ বার পঠিত
সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রাজু আহমেদ (৩৫) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ওই এলাকার আয়নাল হকের ছেলে। স্বজনদের অভিযোগ, হামলায় রাজুকে গুরুতর আহত করার পর পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা ও ছোট বোনের দাবি, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। সেই রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে রাজুর এক ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। রাজু সেখানে গিয়ে ঝগড়া থামিয়ে দেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা রাজুর ফুফাতো ভাইকে না পেয়ে রাজুকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে ঘটনাটি রাজনৈতিক বিরোধ, নাকি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে—তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪