কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের টর্চলাইটের আঘাতে বাবা বানেজ উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮)।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বানেজ উদ্দিন কিছুদিন আগে একটি মহিষ বিক্রি করেন। রবিবার রাতে বিক্রির সেই টাকা চাই ছেলে রাজীব। বাবা টাকা দিতে না চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মহিষকুণ্ডি এলাকায় পথেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/বাবি