নরসিংদী প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। সোমবার (২৭ জুলাই) নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। এ সময় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ জেলা প্রশাসন, বন বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের স্টল বসানো হয়েছে। বৃক্ষমেলা চলাকালে এসব স্টল সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে এবং আগ্রহীরা স্বল্পমূল্যে বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করতে পারবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব