ঠাকুরগাঁও প্রতিনিধি: সোমবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে মোঃ সুমন ইসলাম (৩১) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার রাতে পৌর শহরের আকচা সামস নগর এলাকা থেকে ২৬ পোটলা গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সুমন ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আকচা সামস নগর এলাকার বাসিন্দা। তল্লাশিকালে তাঁর কাছ থেকে কাগজসহ ৭৫ গ্রাম ওজনের ২৬ পোটলা গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁধন-কাকন ফিলিং স্টেশন এলাকায় পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের দায়িত্ব পালনকালে পুলিশ খবর পায় আকচা সামস নগর এলাকায় সুখনদীর পূর্ব পাশে এক ব্যক্তির বাড়ির উঠানে বাঁশের মাচায় বসে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে পুলিশের একটি অভিযান পরিচালনকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর ডান হাতে থাকা একটি সাদা পলিথিন ব্যাগ থেকে কাগজ দিয়ে মোড়ানো ২৬ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্র দিয়ে মেপে ও বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসহ তাঁকে থানায় নিয়ে আসা হয়।
মামলার বাদী ও ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি