বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মাদকের বিস্তার রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সব্যসাচী মজুমদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম। তারা অভিভাবক ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকমুক্ত বাউফল গড়তে আইনি অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব