বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মাদকের বিস্তার রোধে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে থানা পুলিশ। সোমবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সব্যসাচী মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
সচেতনতামূলক প্রচারণায় মাদক সেবনের ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে। মাদকমুক্ত বাউফল গড়তে আইনি অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।’
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু অভিযান নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সচেতনতা গড়ে তোলা জরুরি।
রিপোর্টার্স২৪/বাবি