| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোবিপ্রবির ট্রেজারার হলেন চবির প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৯:৪২:২৯:অপরাহ্ন  |  ৫১১ বার পঠিত
নোবিপ্রবির ট্রেজারার হলেন চবির প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৩৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

২৭ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে নোবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্টরা এ নিয়োগকে দেশের উচ্চশিক্ষা প্রশাসনে একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসকের অন্তর্ভুক্তি হিসেবে দেখছেন।

নিয়োগের খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, গবেষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও একাডেমিক নেতৃত্বের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি পবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক দক্ষতা, নীতিনিষ্ঠ নেতৃত্ব ও আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞতার কারণে তিনি বিশ্ববিদ্যালয় অঙ্গনে সুপরিচিত।

গবেষণাক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। করপোরেট ফাইন্যান্স, ব্যাংকিং, পুঁজিবাজার, ব্যবসায় প্রশাসন, টেকসই অর্থায়ন এবং উন্নয়ন অর্থনীতি বিষয়ে তাঁর ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন এবং সফলভাবে সম্পন্ন করেছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পবিপ্রবি শাখার সদস্য। সংশ্লিষ্টদের মতে, ইউট্যাব গঠনের আগেও তিনি জাতীয়তাবাদী শিক্ষক-পরিমণ্ডলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউট্যাবের পবিপ্রবি শাখার প্রতিনিধি হিসেবে ফেনী-১ আসনে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বও পালন করেন।

এছাড়া তিনি বর্তমানে শহীদ জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ‘আমার বিএনপি পরিবার’-এর ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সহকর্মীদের ভাষ্য, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে সেই আদর্শের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নিজ জেলা ফেনীতে বিভিন্ন পর্যায়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

ফেনী সদর উপজেলার শরশাদী ইউনিয়নের রাস্তাখিল গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। তার বাবা মরহুম হাজী মো. জামাল উদ্দীন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। পারিবারিকভাবে শিক্ষা, সততা ও মূল্যবোধের পরিবেশেই তাঁর বেড়ে ওঠা।

শিক্ষা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণে তাঁর এ নিয়োগকে সময়োপযোগী বলে মনে করছেন শিক্ষাবিদরা। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্থিক শৃঙ্খলা, সুশাসন, গবেষণা-সহায়ক পরিবেশ এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তাঁর প্রতি আস্থা রাখা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করব। শিক্ষা, গবেষণা ও সুশাসনের সমন্বয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪