সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হৃদয় ও ইউনিয়ন বিএনপির নেতা মিলননাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাদিদ হোসেন।
অভিযোগে শাদিদ হোসেন উল্লেখ করেন, দিয়ার পাঁচিল বাজারে ‘সিনহা ট্রেডার্স’ নামে তিনি একটি দোকান পরিচালনা করে আসছেন। গত ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মিলন সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে বিভিন্ন হুমকি দেন। তিনি অভিযোগ করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সঙ্গে যেন তিনি কোনো ধরনের কথা না বলেন এবং তাদের দোকানে বসতে না দেন—এ মর্মে তাকে ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়, একই দিন বিকেল আনুমানিক ৫টার দিকে চারটি মোটরসাইকেলে করে নাম উল্লেখিত পাঁচজনসহ অজ্ঞাত আরও কয়েকজন তার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় দোকানে থাকা লোকজনকে মারধর করা হয় এবং দোকান ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে অভিযুক্তদের এক নং আসামি হৃদয় দোকানের ক্যাশ ড্রয়ার থেকে প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকেও কিল-ঘুষি মেরে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাদিদ হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। সাংগঠনিক হিসেবে ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে জেলা বিএনপিসহ অংগসংগঠনের সকল পর্যায়ের নেতাদের অবহিত করবো। এর আগেও তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চন্দ্রকনা এলাকাবাসী তাদের বিরুদ্ধে গন সাক্ষর দেয় ও জলাশয় দখলের সাথে জড়িত উল্লেখ করে স্থানীয় এবং জাতীয় প্রকাশিত হয়েছিল কিন্তুু সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্খা না নেওয়া আরএ বেপরোয়া হয়ে গেছে। যা আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব