বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ড মাইন বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৬-৪৭ এর মধ্যবর্তী এলাকার আনুমানিক ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত গরবিটা এলাকায় আরাকান আর্মির দখলকৃত অং থা পায়া পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে বাংলাদেশি নাগরিক আব্দুল করিম গুরুতর আহত হন। বিস্ফোরণে আহত আব্দুল করিমের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য সিএনজি টেক্সি যোগে পার্শ্ববর্তী কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত আব্দুল করিম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মকসুল হোসেনের ছেলে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি এবং এই ঘটনায় আহত আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব