সিরাজগঞ্জ প্রতিনিধি: চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনকে এবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব। তিনি সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উল্লাপাড়া থানা কার্যালয়ে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির মামলা রয়েছে। এসব কারণে কেন আপনার (আজাদ হোসেন) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে তিনদিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ২৫ জুলাই মারপিটের অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টার বাদী হয়ে একটি ও পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন নামে অপর এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন।
মামলায় আজাদ হোসেনসহ ছয় বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজাদ হোসেনকে জামিন দেন আদালত।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ কারণ দর্শানো নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফোন বন্ধ থাকায় এ বিষয়ে আজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব