ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক মুন্সী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ সময় তার হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। সেখানে ‘এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ বলে উল্লেখ করা হয়েছে। তবে চিরকুট ঘিরে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া ঝালুমাঠ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ফজলুল হক মুন্সীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে সাবেক কর্মস্থল পীরেরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফজলুল হক মুন্সী বাড়িতে ছিলেন। তার স্ত্রী রাশিদা সুলতানা পীরেরচর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত কাজে তিনি পরে ফরিদপুর জেলা শিক্ষা অফিসে যান।
এরই মধ্যে বেলা ১১টার দিকে মোবাইল ফোনে স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পান রাশিদা সুলতানা। খবর পেয়ে হতভম্ব অবস্থায় তিনি দ্রুত জেলা শিক্ষা অফিস থেকে বাড়িতে ফিরে আসেন।
স্বজনরা জানান, ফজলুল হক মুন্সী গত ৩০ মে পীরেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। অবসরের পর একই বিদ্যালয়ে তার স্ত্রী রাশিদা সুলতানা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফজলুল হক মুন্সী দুই ছেলে ও এক মেয়ের বাবা।
তার আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব