ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে সমানভাবে নৌ চলাচলের পথ ভাগাভাগির ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে এ ধরনের প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করতে পারবে না। খবর শাফাক নিউজ এজেন্সির।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে তেহরান ওমানের কাছে একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, একমুখী জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের জলসীমা দিয়ে পরিচালিত হবে এবং বিপরীতমুখী নৌপথের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে।
গারিবাবাদি বলেন, ওমান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তিনি আরও দাবি করেন, ওমান উপকূলসংলগ্ন দক্ষিণ দিকের নৌপথকে ইরান কখনোই বৈধ বা গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি দেয়নি।
এর আগে রয়টার্স জানায়, ওমান হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার একটি প্রস্তাব দিয়েছে, যাতে ইরান এককভাবে প্রণালিটির নিয়ন্ত্রণ না করে। মালাক্কা প্রণালির আদলে তৈরি ওই প্রস্তাবে জাহাজ চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহারকারী দেশগুলোর স্বেচ্ছা অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে কেন্দ্র করে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী মার্কিন বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন জাহাজগুলোর জন্য কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
রিপোর্টার্স২৪/ঝুম