| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন ইরানকে অস্ত্র দিলে ‘খুবই হতাশ’ হবেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১০:০৫:০০:পূর্বাহ্ন  |  ৩০০ বার পঠিত
চীন ইরানকে অস্ত্র দিলে ‘খুবই হতাশ’ হবেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তিনি ‘খুবই হতাশ’ হবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ব্যক্তিগতভাবে তাকে আশ্বাস দিয়েছেন যে বেইজিং তেহরানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান চীনে তৈরি কাঁধে বহনযোগ্য সর্বোচ্চ ৪০০টি ক্ষেপণাস্ত্র পেতে পারে এমন খবর সত্য হলে তা হবে ‘অবাক করার মতো’।

ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রেসিডেন্ট শি আমাকে খুব জোর দিয়ে বলেছেন, তিনি এতে অংশ নেবেন না। আর তিনি জানেন, এমন কিছু হলে আমি খুবই হতাশ হব।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক গোয়েন্দা মূল্যায়নে দাবি করা হয়, চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় এই তথ্য সামনে এলো, যখন তেহরান বিদেশি অংশীদারদের সহায়তায় নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।

গত সপ্তাহেও ট্রাম্প চীন ও রাশিয়াকে ইরানে অস্ত্র না পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি দাবি করেন, শি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—উভয়েই তাকে আশ্বস্ত করেছেন যে তাদের কোনো দেশই বর্তমানে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চীন ও রাশিয়া—দুই দেশই ইরানে অস্ত্র পাঠানো থেকে বিরত রয়েছে।

তিনি আরও লেখেন, “ইরানের বিষয়ে যেসব বড় দেশের নাম প্রায়ই বলা হয়, আমার বিশ্বাস তারা কেউই এতে জড়িত নয়।” একই পোস্টে তিনি বলেন, “যদি তারা ইরানকে অস্ত্র দিত, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হতো। এটি তাদের নিজেদের স্বার্থেও থাকত না।”

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার পর নতুন করে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, রাশিয়া ও চীনের গোয়েন্দা সংস্থাগুলো হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে কোনো তথ্য বা সহায়তা দিয়েছে কি না।

ট্রাম্প জানান, মে মাসে বেইজিং সফরের সময় প্রেসিডেন্ট শি তাকে স্পষ্টভাবে বলেছিলেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানকে অস্ত্র দেবে না। তিনি বলেন, আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথাই বিশ্বাস করি।

ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন। তার ভাষ্য, পুতিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নীতিও ভালোভাবে বোঝেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না। আমি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করি। তারা পুরো দাম পরিশোধ করে। এরপর সেই অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।

শেষে আবারও শি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের আশ্বাসের প্রতি আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি বলেছেন তিনি এতে অংশ নেবেন না। প্রেসিডেন্ট পুতিনও একই কথা বলেছেন। আমি তাদের বিশ্বাস করি। আমার মনে হয় না তারা চাইবেন যে আমি হতাশ হই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪