স্পোর্টস ডেস্ক: এক সময় মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন কাসেমিরো ও লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সিতে বহুবার একে অপরের মুখোমুখি হওয়া এই দুই তারকা এবার একই দলে খেলতে যাচ্ছেন। ইন্টার মায়ামিতে যোগ দিয়েই মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
চলতি মৌসুম থেকেই ইন্টার মায়ামির হয়ে জুটি বাঁধছেন মেসি ও কাসেমিরো। মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতোমধ্যে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে কাসেমিরোর। তবে ছুটি কাটিয়ে গত বুধবার দলে যোগ দেওয়া লিওনেল মেসির সঙ্গে এখনও মাঠে নামা হয়নি তার।
মাঠে একসঙ্গে না খেললেও মেসির সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন কাসেমিরো। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন তারকা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলেই মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাসেমিরো বলেন, “আমরা শিরোপার জন্য লড়তে চাই। আমি যেখানে থাকতে চেয়েছিলাম, এখন সেখানেই আছি। প্রতিনিয়ত নিজের উন্নতি করতে চাই এবং ফুটবলের ঈশ্বরের সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই।”
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, “ক্লাবটি বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিয়েছে। এখানে এমন খেলোয়াড়দেরই থাকা উচিত, যারা প্রতিনিয়ত উন্নতি করতে চায় এবং সাফল্যের জন্য ক্ষুধার্ত। এটি এমন একটি দল, যারা ক্লাব বিশ্বকাপে খেলেছে। আমিও নিজের উন্নতি অব্যাহত রাখতে চাই।”
ব্রাজিল-আর্জেন্টিনার মতোই স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। সে সময় মেসির বিপক্ষে খেলতে গিয়ে বহুবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে স্বীকার করেছেন রিয়ালের সাবেক এই মিডফিল্ডার।
কাসেমিরো বলেন, তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। সে আমাকে অনেক সমস্যায় ফেলেছে। সব সময়ই আমার স্বপ্ন ছিল সেরাদের সঙ্গে খেলার।
মেসির সঙ্গে একই দলে খেলাকে নিজের জন্য বড় সম্মান বলেও উল্লেখ করেন তিনি। কাসেমিরোর ভাষায়, তার বিপক্ষে বহুবার খেলেছি। জানি, তাকে থামানো প্রায় অসম্ভব। কিন্তু সবকিছু অর্জনের পরও সে এখনও উন্নতি করতে চায়, জিততে চায়। বিষয়টি সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সম্মানের।
রিপোর্টার্স২৪/ঝুম