কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
তুরস্কের মানবিক সংস্থা 'গেঞ্চ উফুক ইনসানি ইয়ারদিম দেমনেগি'-এর অর্থায়নে এবং 'দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি'-এর বাস্তবায়নে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুর্কি সংস্থার চেয়ারম্যান আলী শেনেল।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকৃত সুবিধাভোগী বাছাই নিশ্চিত করতে কর্মসূচির ১০-১৫ দিন আগেই প্রতিটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে যাচাই করে ৫০ জনের তালিকা চূড়ান্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী বলেন, কাপাসিয়ার সবচেয়ে চাহিদা সম্পন্ন মানুষদের খুঁজে বের করে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীদের দৈনন্দিন চলাচলের পথ সহজ ও সুন্দর হবে।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে এলাকার বাকি চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরও হুইলচেয়ার সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সহায়তা এবং সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে ছাগল ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব