| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ২১:৫৪:২৫:অপরাহ্ন  |  ১২৬৭ বার পঠিত
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ক্ষমতার সীমা অতিক্রম করে শুল্ক আরোপের অভিযোগে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলাকারীদের দাবি, মার্কিন সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পরও নতুন শুল্ক আরোপ করে প্রশাসন আইনগত সীমা লঙ্ঘন করেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্রের বক্তব্য, অন্যায্য বাণিজ্যিক কার্যক্রমের জবাব হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছে এবং এটি সম্পূর্ণ আইনসম্মত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার মূল বিষয় হলো গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর আরোপিত নতুন দুই অঙ্কের শুল্ক। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এ কারণেই তাদের ওপর নতুন শুল্ক আরোপ করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করে। এরপর প্রশাসন সাময়িক শুল্ক ব্যবস্থা চালু করে। সেই অস্থায়ী ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পরই নতুন শুল্ক কার্যকর করা হয়।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে পরাজয়ের পরও ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের মাধ্যমে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে অতিরিক্ত করের বোঝা চাপানোর চেষ্টা করছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪