| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত ৪

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ১১:৫৯:১৩:পূর্বাহ্ন  |  ৬৭৫ বার পঠিত
ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত ৪
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত বাকি তিনজন পর্যটক ছিলেন। ঘন গাছপালা দিয়ে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস জানায়, বিমান চালক এবং তিন নারী আগুনে পুড়ে মারা গেছেন। এএফপির সঙ্গে আলাপকালে পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম এবং জি১ নিউজ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।

দুর্ঘটনাটি তিজুকা বনের ভেতরে পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার প্রতিকৃতি ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি ঘটেছে, যা দর্শনীয় স্থানের জন্য পরিচিত। রিও ডি জেনিরোতে এটি দুই মাসের ব্যবধানে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন মারা যান।

পর্যটকদের মধ্যে শহরের মনোরম দৃশ্য দেখার জন্য হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্স বার্তায় জানান, তিনি ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/এম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪