| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে নিহত শীর্ষ সেনা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১১:০৫:১৯:পূর্বাহ্ন  |  ১৬৭৬০২২ বার পঠিত
ইরানে নিহত শীর্ষ সেনা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলতি মাসে সংঘটিত সংঘর্ষে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের সম্মানে তেহরানে রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে রাজধানীর আজাদি স্কয়ারে এই শোকানুষ্ঠানে অংশ নেন হাজারো শোকাহত মানুষ। কালো পোশাকে তারা রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজায় শরিক হন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে ছিলেন অন্তত ১৬ জন পারমাণবিক বিজ্ঞানী ও ১০ জন শীর্ষ সামরিক কমান্ডার। জানাজায় স্মরণ করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল হোসেইন সালামী এবং গার্ডস এয়ারোস্পেস ফোর্সের প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেকে। এদের সবাই ১৩ জুন, যুদ্ধের শুরুর দিনেই প্রাণ হারান।

আজাদি স্কয়ারে ফুল ও ছবি দিয়ে সাজানো কফিনগুলো জনতার সামনে আনা হয়। মানুষ ইরানি পতাকা উঁচিয়ে ‘শহীদদের’ প্রতি শ্রদ্ধা জানান। প্রেস টিভির প্রতিবেদন অনুসারে, শোকানুষ্ঠান চলাকালে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, ‘শহীদদের জানাজার শোকমিছিল’ নামে পরিচিত এই আয়োজনে মোট ৬০ জন নিহতের জানাজা হয়, যাদের মধ্যে চারজন নারী ও চারজন শিশু রয়েছেন। এতে অংশ নেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি, যিনি সংঘাতে আহত হন।

ইসরায়েল দাবি করেছে, এই অভিযান চালানো হয়েছিল ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ঠেকাতে। যদিও তেহরান একাধিকবার পারমাণবিক অস্ত্র বানানোর কোনো অভিপ্রায় থাকার অভিযোগ অস্বীকার করেছে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (ওঅঊঅ) বলছে, ইরানে সক্রিয় অস্ত্র কর্মসূচির কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, চলমান যুদ্ধে তারা ৩০ জনের বেশি ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও ১১ জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১২ দিনের সংঘাতে দেশটির ৬১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু ও ৪৯ জন নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ হাজার ৭০০ জন। তবে একটি ইরানি মানবাধিকার সংস্থা জানায়, প্রকৃত মৃতের সংখ্যা ৯৭৪ জন, যার মধ্যে ৩৮৭ জন বেসামরিক নাগরিক।

অন্যদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় দেশটির ২৮ জন নিহত এবং তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪