| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো ‘গোমাতা’ হত্যা করতে দেব না: শুভেন্দু অধিকারী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:৫৪:৫৮:অপরাহ্ন  |  ৩৪০ বার পঠিত
কোনো ‘গোমাতা’ হত্যা করতে দেব না: শুভেন্দু অধিকারী

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন আইন আনার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনোভাবেই রাজ্যে ‘গোমাতা’ হত্যা করতে দেওয়া হবে না। অবৈধভাবে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না। কেউ যদি লুকিয়ে-চুরিয়ে এসব কাজ করে, তাহলে তার বিস্তারিত তথ্য আমাকে পাঠান। আমি ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে ১৯৫০ সালের অ্যানিমেল স্লটার কন্ট্রোল আইন কার্যকর রয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। এসব আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। অবৈধভাবে পশু জবাইয়ের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে নতুন একটি বিল আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।

বিজেপির এই নেতা বলেন, ‘অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পাওয়া মাত্রই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটি নতুন বিল আনব।’ 

তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের বিষয়টি আলাদা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। 

শুভেন্দু বলেন, কসাইখানায় অনুমতি নিয়ে পশু জবাই এবং গরুর ওপর অবৈধভাবে নির্যাতন বা হত্যা—দুটি এক বিষয় নয়। আইন অনুযায়ী অনুমোদিত কার্যক্রম চালানো যাবে। 

এদিন গরুর সুরক্ষা ও পরিচর্যার জন্য ‘গো সেবা’ প্রকল্পেরও ঘোষণা দেন শুভেন্দু। এই প্রকল্পের আওতায় বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য নিবন্ধিত গোশালাগুলোকে বছরে এক লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় সরকারের ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ চালুর কথাও জানান তিনি। এই প্রকল্পের লক্ষ্য দেশীয় গবাদিপশুর জাত সংরক্ষণ, উন্নত প্রজনন এবং দুধ উৎপাদন বৃদ্ধি। 

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ঈদুল আজহার আগে রাজ্যে গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছিল শুভেন্দুর সরকার। এতে গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ের আগে অনুমোদিত কর্মকর্তার পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে সুস্থতা ও জবাইয়ের উপযুক্ততার সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। নির্ধারিত কসাইখানার বাইরে পশু জবাইয়ের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়। 

সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন পশ্চিমবঙ্গের হাজার হাজার গবাদিপশু খামারি, পশু ব্যবসায়ী ও মাংস বিক্রেতারা। বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে পশু কেনাবেচা ও সরবরাহের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। 

দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন এলাকায় পশুর হাটে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় অনেক খামারি অবিক্রীত গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন। ঈদুল আজহাকে কেন্দ্র করে পশু বিক্রির যে প্রস্তুতি তারা কয়েক মাস ধরে নিয়েছিলেন, তা ভেস্তে যায় এবং ব্যাপক লোকসান গুনতে হয়। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪