রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বাস করি, আগামী এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে।’
তবে তিনি যুদ্ধবিরতি নিয়ে কার সঙ্গে কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।
এদিকে দখলদার ইসরায়েলের কৌশলগত বিষয়াবলীর মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাবেন। সেখানে মার্কিনিদের সঙ্গে ইরান ও গাজা নিয়ে তার আলোচনা হবে।
জানা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করে তিনি আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা করবেন। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক গড়ার কাজ করবেন তিনি।
রিপোর্টার্স২৪/এসএমএন