ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্যনিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বরাতে আনাদুলো জানিয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানবাহিনীর একটি এফ-১৬ ইয়ালোভায় বিধ্বস্ত হয়। এ সময় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনার কারণ বিস্তারিত তদন্তের পর নির্ধারণ করা হবে।
তুরস্কের স্থানীয় গণমাধ্যম তুর্কিয়ে টুডের খবরে বলা হয়, প্রশিক্ষণ ফ্লাইটে থাকা বিমানটি ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইয়ালোভার চিফটলিককয় জেলার তাসকোপ্রু শহরের কাছে ১৮তম মেইন জেট ঘাঁটির আশপাশে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে বেরিয়ে এসে পাইলট প্রাণে বেঁচে যান। খবর পেয়ে ঘটনাস্থলে চিকিৎসক ও অগ্নিনির্বাপণ দলের সদস্যদের পাঠানো হয়।
পরে আহত পাইলটকে চিকিৎসার জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব