রিপোর্টার্স২৪ ডেস্ক: কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। নির্মাতাদের কনটেন্ট তৈরি, বিশ্লেষণ ও দর্শক বাড়ানোর কাজে সহায়তা করতে ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি অ্যাপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। শুরুতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে।
নতুন এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ক্রিয়েটর সহকারী যুক্ত করা হয়েছে। নির্মাতাদের কনটেন্টের ধরন, দর্শকের আগ্রহ এবং বিভিন্ন পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে পরামর্শ দেবে এই এআই সহকারী।
ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলক ব্যবহারের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নতুন অ্যাপের মাধ্যমে নির্মাতারা কনটেন্টের কার্যকারিতা বুঝতে পারবেন এবং দর্শকের কাছে আরও ভালোভাবে পৌঁছানোর জন্য বিভিন্ন পরামর্শ পাবেন।
নতুন অ্যাপ ব্যবহারের ফলে কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন পরিসংখ্যান আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে না। এআই সহকারী সরাসরি জানাতে পারবে কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে।
এ ছাড়া কোন পোস্ট তুলনামূলক ভালো করছে, কোন ধরনের কনটেন্ট দর্শকদের বেশি আকৃষ্ট করছে এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন—এসব বিষয়ও সহজে জানা যাবে।
নির্মাতারা চাইলে এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করে নিজেদের কনটেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরামর্শ নিতে পারবেন।
কনটেন্ট নির্মাতাদের মন্তব্য বা কমেন্ট ব্যবস্থাপনাকেও সহজ করতে নতুন অ্যাপে এআই সুবিধা রাখা হয়েছে। এআই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে। একই সঙ্গে কোনো মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন হলে সেটিও চিহ্নিত করে দিতে পারবে। প্রয়োজনে মন্তব্যের সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে এআই।
তবে তৈরি করা উত্তর সরাসরি প্রকাশ না করে নির্মাতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটি সম্পাদনা করতে পারবেন। এরপর পছন্দ হলে উত্তরটি প্রকাশ করা যাবে।
অ্যাপটি প্রতিদিন চালু করলে নির্মাতারা একটি অগ্রাধিকার তালিকা দেখতে পাবেন। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল এবং নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি সম্পর্কে তথ্য থাকবে।
কোন পোস্টের ফলাফল কেমন হয়েছে, নির্ধারিত লক্ষ্যের কতটা পূরণ হয়েছে এবং কোন মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন এসব বিষয়ও ওই তালিকায় তুলে ধরা হবে।ফলে নির্মাতারা প্রতিদিনের কনটেন্ট ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সহজেই চিহ্নিত করতে পারবেন।
কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের এই উদ্যোগকে প্ল্যাটফর্মটির প্রতিযোগিতামূলক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতাদের সক্রিয় রাখতে নানা ধরনের এআই সুবিধা দেওয়া হচ্ছে।
ফেসবুকও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় রাখতে এ ধরনের সুবিধা বাড়াচ্ছে। একই সঙ্গে কনটেন্ট তৈরি ও বিশ্লেষণের জন্য নির্মাতাদের অন্য প্রতিষ্ঠানের এআই টুলের ওপর নির্ভরতা কমাতেও নতুন অ্যাপটি ভূমিকা রাখতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী কনটেন্ট নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপটি চালু করা হয়েছে।
পরবর্তী সময়ে আরও দেশ ও অঞ্চলে অ্যাপটির ব্যবহার সম্প্রসারণ করা হতে পারে। ফেসবুকের এই নতুন উদ্যোগ সফল হলে ভবিষ্যতে কনটেন্ট নির্মাতাদের জন্য আরও এআইভিত্তিক সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম