ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী মাসে যুক্তরাষ্ট্র যেত পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর হলে গত ১১ বছরের মধ্যে এটি জিনপিংয়ের প্রথম সফর। প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন, ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং পরদিনই যুক্তরাষ্ট্র ছাড়বেন। এই সফর হবে ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের প্রথম সফর।
শি’র সফরসূচি সম্পর্কে জানেন এমন চারজন জানিয়েছেন, ‘২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে শি অংশ নেবেন না।’
হোয়াইট হাউসও নিশ্চিত করেছে, ২৪ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য শি ওয়াশিংটন সফর করবেন। তবে তার সফরের বাকি কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেনি।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা , ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় উঠে আসতে পারে।
এর আগে ধারণা করা হয়েছিল, শি ওয়াশিংটন সফরের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিতে পারেন। এতে চীন বহুপক্ষীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতি তার সমর্থন তুলে ধরার সুযোগ পেত।
তবে ওয়াশিংটনে থাকা ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন, চীন এখনো নিউইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এতে ধারণা করা হচ্ছে, শি এবার জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না।
শি জিনপিং সর্বশেষ ২০১৫ সালে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। সে সময় জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিউইয়র্ক সফর করেন।
২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় তিনি ভার্চুয়ালি সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, এ বছরের অধিবেশনে শির অনুপস্থিতি হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক ইস্যুতে *চীনের অবস্থানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সরাসরি তুলনার সুযোগ কিছুটা কমে যাবে।
সূত্র: সামা টিভি
রিপোর্টার্স২৪/ঝুম