| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১১:৪৯:৩১:পূর্বাহ্ন  |  ১৩৭ বার পঠিত
চার দেশের প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক, সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে চার দেশের প্রবাসী বাংলাদেশিদের প্রতি এ আহ্বান জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব প্ল্যাটফর্মে প্রকাশ বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অনেক সময় আইনগত ও অন্যান্য জটিলতা তৈরি হতে পারে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো পোস্ট বা কনটেন্ট প্রকাশ কিংবা শেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

কোনো পোস্ট বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং বিষয়টি ভালোভাবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে স্বাগতিক দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কোনো কনটেন্ট প্রকাশ কিংবা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া এমন কোনো কনটেন্ট থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যা সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে বলে মনে হতে পারে।

দূতাবাস জানিয়েছে, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বাগতিক দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন করা আবশ্যক। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ও সংবেদনশীলতার প্রতিও যথাযথ সম্মান দেখানো গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করলে সম্ভাব্য আইনগত ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানো সম্ভব। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশি নাগরিকদের মর্যাদা সমুন্নত রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪