| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১২:১৭:৩৯:অপরাহ্ন  |  ৭৫ বার পঠিত
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ সম্মাননা প্রদান করেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল ধীরাজ শেঠ। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তার এ সফর। নেপালে পৌঁছানোর পর থেকেই দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়।

ভারত ও নেপালের সেনাপ্রধানকে একে অপরের দেশের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ দেওয়ার ঐতিহ্য দীর্ঘদিনের। ১৯৫০ সাল থেকে চলে আসা এই প্রথাকে দুই দেশের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

সম্মানসূচক পদ প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সামরিক ও সরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন জেনারেল শেঠ। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সামরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সেনাবাহিনীভিত্তিক সম্পর্কের ওপর গড়ে ওঠা বিশেষ প্রতিরক্ষা বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা দিচ্ছে।

এদিকে সফরের অংশ হিসেবে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল ধীরাজ শেঠ। পরে তিনি নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং সেখানে আয়োজিত গার্ড অব অনার পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, জেনারেল শেঠের এই সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ৩০ জুন ২০২৬ থেকে ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


সূত্র: ইন্ডিয়া টুডে


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪