| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য থাকবে ১০০টি: সড়কমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ১৩:২৪:৩৮:অপরাহ্ন  |  ১৮৪ বার পঠিত
ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য থাকবে ১০০টি: সড়কমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস বিভিন্ন রুটে বিশেষভাবে নারীদের জন্য পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০০টি ইভি বাস সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। প্রচলিত প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। পরিবেশবান্ধব গণপরিবহন দ্রুত চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে বৈদ্যুতিক বাস এখন অত্যন্ত জরুরি। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনাতেও এসব বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেখ রবিউল আলম বলেন, ২০০টি ইভি বাসের মধ্যে ১০০টি বিভিন্ন রুটে নারীদের জন্য পরিচালনা করা হবে। এর ফলে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও বিশেষায়িত বাসসেবার পরিধি আরও বাড়বে।

তিনি জানান, বর্তমানে কয়েকটি জেলায় নারীবান্ধব বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগেও এ ধরনের সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এসব বাসের একটি একতলা এবং বাকি নয়টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নারী যাত্রীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে সড়কমন্ত্রী বলেন, শুধু বাসে ওঠার পর নয়, বাসের জন্য অপেক্ষা করা থেকে শুরু করে বাস থেকে নামা পর্যন্ত পুরো যাত্রাপথে নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বাসে ওঠা-নামার সময় হয়রানি, অস্বস্তি কিংবা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। তাই নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র বিনির্মাণ ও অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারীরা যাতে তাদের সক্ষমতা ও কর্মদক্ষতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে পারেন, সে জন্য নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জরুরি।

বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন সড়কমন্ত্রী। তিনি জানান, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে। সব মিলিয়ে বিআরটিসির মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ বা তারও বেশি।

তিনি বলেন, বর্তমানে বিআরটিসি লোকসানে নেই; বরং সংস্থাটি ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে ব্যবস্থাপনা, পরিচালন পদ্ধতি এবং যাত্রীসেবার মানে আরও পরিবর্তন আনা প্রয়োজন।

নারীদের জন্য চালু করা বিশেষ বাসসেবা অতীতের বিভিন্ন উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, আজ যে সেবা চালু হচ্ছে, দুই মাস পর এর মান আরও উন্নত করতে হবে। প্রতিদিন ব্যবস্থাপনার উন্নতি করে সেবাকে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব করতে হবে। এই উদ্যোগকে শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।

তিনি আরও বলেন, সেবাটি ধরে রাখা, টেকসই করা, সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে আরও বিস্তৃত করাই বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪