| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ৩২ ভাঙচুর

ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৫:২৩:২১:অপরাহ্ন  |  ১৫৮৬ বার পঠিত
ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা (৪৪) নামে এক নারী এ মামলার আবেদন করেন। সকাল ১১টার দিকে বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে মামলার নথি ও অভিযোগ পর্যালোচনা শেষে দুপুরে আবেদনটি খারিজ করে দেন বিচারক। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আব্দুল্লাহ ছাড়াও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক স্বরাষ্ট্র সচিব লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ মোট ২৭ জনকে আসামি করা হয়।

আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সংসদ সদস্য আক্তার হোসেন, এনসিপি নেতা সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, ইউটিউবার পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, নুরনবী (অব. কর্নেল), তাহরিমা জান্নাত (সুরভী), মো. মিলন (বুলডোজার সরবরাহকারী), ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদ।

আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট ১ থেকে ৯ নম্বর আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি এবং সার্বিক সহযোগিতায় অন্য আসামিরা ও অজ্ঞাতনামা ৩ থেকে ৫ হাজার ব্যক্তি বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালান।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা, হাতুড়ি, দাহ্য পদার্থসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিলেন। তারা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ঐতিহাসিক নিদর্শন, গুরুত্বপূর্ণ দলিল, মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি, প্রামাণ্যচিত্র, বই-পুস্তকসহ মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিছু সম্পদ লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

মামলার আবেদনে আরও বলা হয়, হামলার পর দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে রাতভর ভবনটি ভাঙা হয়। পরদিন ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ধানমন্ডি ৩২-এর ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টের বিষয়ও তুলে ধরা হয়। সেখানে তিনি ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’ এমন বক্তব্য দিয়েছিলেন বলে বাদীপক্ষ দাবি করেছে।

এরপর রাত ৯টার পর মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ভবনটি ধ্বংস করা হয় বলে মামলার আবেদনে অভিযোগ করা হয়।

বাদীপক্ষ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করে।

একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়। তবে বাদীর জবানবন্দি গ্রহণ ও নথি পর্যালোচনা শেষে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪