| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৭:২৩:০৯:অপরাহ্ন  |  ৮৩৭ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিলেন জাতীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হয়। এখন চলছে ভোট গণনার কাজ।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটগ্রহণ চলাকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়েছেন। তবে অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি।

ভোট গণনা শেষ হওয়ার পর জাতীয় সংসদ ভবনেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের। এরপর নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। সব প্রক্রিয়া শেষে শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে কেবল সরকারদলীয় প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়ায় প্রায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণের প্রয়োজন হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩০০ সাধারণ আসনের মধ্যে বর্তমানে একটি আসন শূন্য রয়েছে। এর সঙ্গে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য সংসদ সদস্যের সংখ্যা ৩৪৯।

এর মধ্যে সংরক্ষিত আসনসহ বিএনপির সংসদ সদস্য রয়েছেন ২৪৭ জন। এছাড়া জামায়াতে ইসলামীর ৭৭, স্বতন্ত্র ৮, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন সংসদ সদস্য রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ১, গণসংহতি আন্দোলনের ১, গণপরিষদের ১, খেলাফত মজলিসের ১ এবং জাগপার ১ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটদানের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদও গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। ফলে দুই প্রার্থীকে ঘিরে ভোটের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ পদত্যাগের কারণে শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।

এই সাংবিধানিক সময়সীমার মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এবারের নির্বাচন শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচন নয়, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এখন ভোট গণনা শেষে কে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪