| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ও গাজী নজরুল ভোট দিয়েছেন?

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৭:৫১:০৩:অপরাহ্ন  |  ১২৭৪ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ও গাজী নজরুল ভোট দিয়েছেন?

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৫টায়। এখন চলছে ভোট গণনার প্রক্রিয়া।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিয়েছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

বিএনপির মনোনয়ন না পেয়ে পরে দল থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট কোন প্রার্থীর পক্ষে যাবে—নির্বাচনের আগে থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল। একইভাবে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট নিয়েও আগ্রহ ছিল বিভিন্ন মহলে।

তবে ভোটগ্রহণ চলাকালে বিকাল ৪টা পর্যন্ত রুমিন ফারহানা ও গাজী নজরুল ইসলামকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা যায়নি। ফলে শেষ পর্যন্ত তারা ভোট দিয়েছেন কি না, কিংবা ভোট দিলেও কোন প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ১৭৫টি ভোট পেতে হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ সংসদ সদস্যদের নেই। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের আওতামুক্ত থাকায় দুই প্রার্থীর যেকোনো একজনকে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভোট দেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। তাদের ভোট দেওয়ার মধ্য দিয়েই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়।

এরপর ভোট দেন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোটকে ঘিরে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটের ভূমিকা নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, সেদিকেও নজর রয়েছে সবার।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন পরিচালনায় সিইসিকে সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনা। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এরপর ফলাফলের গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪