রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন শেষে কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫৮ মিনিটতে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান ও মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৫টা ৫৮ মিনিটতে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান।
উল্লেখ্য, দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। কার্যক্রম শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম